রোয়াংছড়িতে দিনব্যাপী উন্নয়ন কর্মসূচিতে সাচিং প্রু জেরী

ভিত্তিপ্রস্তর স্থাপন, ভিজিএফ বিতরণ ও উন্নয়ন সভায় অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার উন্নয়ন, সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
বুধবার (২০ মে) সকালে তিনি রোয়াংছড়ির বেংছড়ি পাড়ায় একটি বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা সদরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং স্থানীয়দের খোঁজখবর নেন।
দিনের পরবর্তী কর্মসূচিতে রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলী–এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
সভায় উপজেলার উন্নয়ন পরিকল্পনা, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি ধরে রাখতে এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম ও অংশগ্রহণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






