নওগাঁ থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

চালককে মারধরের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ, দূরপাল্লার রুটে অচলাবস্থা

টুইট ডেস্ক: নওগাঁ থেকে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বাসচালককে মারধরের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করায় সোমবার (১৯ মে) সকাল থেকে পুরো রুটে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

মঙ্গলবার সকাল ৯টার পর নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন।

শ্রমিকদের অভিযোগ, ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁ বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রী নামানোর পর বাস ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক হঠাৎ করে চালকের ওপর হামলা চালায়। পরে কাউন্টারে গিয়েও ভাঙচুরের চেষ্টা করা হয় বলে দাবি করেন তারা। এ ঘটনার প্রতিবাদেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই আগে থেকেই টিকিট কেটে গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু স্ট্যান্ডে এসে বাস বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন।

যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এসে দেখি বাস বন্ধ। এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে, এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে।

আরেক যাত্রী মুনিরা আক্তার বলেন, জরুরি কাজে ঢাকায় যাওয়া দরকার ছিল, এখন বিকল্প কিছুই বুঝতে পারছি না।

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।