১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রস্তুতি চলছে দ্রুতগতিতে, আন্তর্জাতিক মানে উন্নীত হবে বিমানবন্দর সেবা

টুইট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি আরও জানান, এই টার্মিনাল চালু হলে দেশের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও কার্গো ব্যবস্থাপনায় গতি আসবে এবং ভিড় ও চাপ অনেকাংশে কমে যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে নতুন যুগের সূচনা হবে, যা আন্তর্জাতিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।