দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন, ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

অনলাইনে ভূমিসেবা সহজ করতে জনসচেতনতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি-সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভূমি মেলা–২০২৬। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল বলেন, বর্তমানে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা সম্ভব। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ই-নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, স্মার্ট সেবা বাস্তবায়নে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ভূমি ব্যবস্থাপনা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, এ মেলার মূল লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটালাইজেশনের সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। পাশাপাশি জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবার সঙ্গে পরিচিত করে সেবা গ্রহণে উৎসাহিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো আজিমুল ইসলাম, সার্ভেয়ার আব্দুল্লাহ আল মাসুম, বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলা এ মেলায় ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য, অনলাইন সেবা গ্রহণ পদ্ধতি এবং নাগরিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।