অপূর্ব-নীহার নতুন জুটি, ঈদে আসছে ‘মায়াপাখি’

সম্পর্কের গল্পে রহস্য ও আবেগের মিশেল।

টুইট ডেস্ক: ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে নির্মাতা জাকারিয়া সৌখিন পরিচালিত নতুন নাটক ‘মায়াপাখি’। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নির্মাতা সৌখিনের আগের জনপ্রিয় নাটক ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ দর্শকমহলে প্রশংসিত হওয়ায় এবারও প্রত্যাশা বেড়েছে। নির্মাতার ভাষ্য, এবারের গল্পে থাকবে ভিন্ন স্বাদ, আবেগ এবং একাধিক চমক।

গল্পে দেখা যাবে, ‘মায়া’ নামের এক সাধারণ মেয়েকে ঘিরে আবর্তিত হবে কাহিনি। বেণী করা চুল, কপালে টিপ ও চোখে কাজল—সহজ-সরল সেই রূপে মুগ্ধ হয় ‘সাদাত’। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্ক জটিল মোড় নেয়। নির্মাতা ইচ্ছাকৃতভাবেই গল্পের বিস্তারিত প্রকাশ করছেন না, যাতে দর্শক নাটক দেখেই পুরো রহস্য উদঘাটন করতে পারেন।

অভিনেতা অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন একটি গল্প, যা দর্শকের মনে গভীর অনুভূতি তৈরি করবে। শেষ পর্যন্ত হৃদয়ে নাড়া দেবে।’ অন্যদিকে নীহার ভাষ্য, এটি তার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং কাজ এবং দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবেন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ অনেকে।

ঈদে নাটকটি প্রকাশ পাবে ।