সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাতীবান্ধায় এনসিপি

নিহত খাদিমুল ইসলামের পরিবারকে সমবেদনা, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

টুইট প্রতিবেদক: লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানাতে হাতীবান্ধা সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল সীমান্ত এলাকা পরিদর্শন করবে।

দলীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সীমান্তবাসী মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত, আহত ও নিহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া এবং সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে এ সফরের আয়োজন করা হয়েছে।

এনসিপির প্রতিনিধি দলে থাকছেন সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম এম শোয়াইব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় প্রতিনিধি দল হাতীবান্ধায় পৌঁছাবে। সকাল ১১টায় নিহত খাদিমুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা।

এরপর সকাল সাড়ে ১১টায় সীমান্তে হতাহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে দুপুর ১টায় হাতীবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে এনসিপি প্রতিনিধি দল।

সাম্প্রতিক সময়ে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো সীমান্তে প্রাণহানি বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ, জবাবদিহি এবং কঠোর রাষ্ট্রীয় অবস্থানের দাবি জানিয়ে আসছে।