ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্তির দাবি মামুনুল হকের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সাত লাখ টাকার অনুদান।

টুইট প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ “ভয়াবহ একটি ফ্যাসিবাদ” থেকে মুক্তি পেয়েছে।

সোমবার তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মামুনুল হক বলেন, শহীদ পরিবার ও আহতদের প্রতি জাতির কৃতজ্ঞ থাকা উচিত। তিনি দাবি করেন, তাদের ত্যাগের যথাযথ সম্মান, মর্যাদা ও সহায়তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে রাষ্ট্রও এ ক্ষেত্রে পূর্ণ দায়িত্ব পালন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের এই উদ্যোগ সীমিত পরিসরের হলেও এটি শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা।

অনুষ্ঠানে সরকারি অনুদান ও স্বীকৃতি থেকে বঞ্চিত জুলাই গণঅভ্যুত্থানের ১২ জন শহীদ পরিবার ও আহত ব্যক্তির মধ্যে সাত লাখ টাকার বেশি অর্থ সহায়তা বিতরণ করা হয়।

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জাকির হোসেন এবং শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীনসহ।