জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা

ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপ দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ।
টুইট প্রতিবেদক: রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় রাজধানীর জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন।
মন্ত্রী বলেন, ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল পায়।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিভিন্ন প্রকল্পের পরিচালক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






