লামার ফাইতংয়ে ইটভাটায় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু, অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ

বান্দরবান প্রতিনিধি: লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় পাহাড়ের মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মো. সাইফুল ইসলাম (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ফাইতংয়ে দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই একাধিক ইটভাটা চলছে। পাহাড় কাটা, বন থেকে অবৈধ কাঠ সংগ্রহ ও নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে শক্তিশালী সিন্ডিকেট কার্যক্রম চালাচ্ছে। অভিযুক্তরা প্রভাবশালী এক মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রশাসনকে প্রভাবিত করছে বলেও দাবি স্থানীয়দের।
পরিবেশবাদীদের মতে, এসব ভাটার কারণে বন উজাড়, পাহাড় ধ্বংস ও জীববৈচিত্র্য হুমকির মুখে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর কয়েকদিন বন্ধ থাকলেও আবার চালু হয়ে যায় ভাটাগুলো।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পাহাড়ি এলাকায় অবৈধ ইটভাটা নিষিদ্ধ হলেও ফাইতংয়ে তা উপেক্ষিত। স্থানীয়রা বিচার বিভাগীয় তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
একটা জীবন চলে গেল—আর এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটা লোভ আর দায়িত্বহীনতার ফল।
ফাইতংয়ের পাহাড় কাটা হচ্ছে, বন পুড়ছে, নদী মরছে-আর মাঝখানে মরছে গরীব শ্রমিক। মন্ত্রীর নাম ভাঙিয়ে যদি আইন থেমে যায়, তাহলে আইনের দাম থাকলো কোথায়?
হাইকোর্টের নির্দেশ, পরিবেশ আইন-সব কাগজেই থাকলো। মাঠে গেলে দেখা যায় ভাটা দিব্যি চলছে। “আইওয়াশ” অভিযানে পাহাড় বাঁচে না।
এখন দরকার নিরপেক্ষ তদন্ত আর দোষীদের শাস্তি। নইলে ফাইতংয়ের মতো জায়গায় আগামী বর্ষায় পাহাড় ধস, বন্যা-সবই অপেক্ষা করছে।
পাহাড়ের মাটি ইট বানোর জিনিস না, এটা আমাদের রক্ষাকবচ। সেটা কাটলে পাহাড়ও ধসবে, মানুষও ধসবে।






