বিভ্রান্তি ছড়ানো মহলকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

 

চাদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন; উন্নয়ন কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান ও দেশগঠনের অঙ্গীকার

টুইট ডেস্ক: দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ২০টি জেলায় একইসঙ্গে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। তার ভাষায়, উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পথে কেউ অরাজকতা বা বিভ্রান্তি সৃষ্টি করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। একই সঙ্গে জনগণকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশ গড়ার এখনই সময়,” উল্লেখ করে সবাইকে উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চাঁদপুরে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়েও ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন তিনি।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেওয়া হয়। পরে ভিডিও সংযোগের মাধ্যমে আরও কয়েকটি জেলায় সুবিধাভোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা সরকারের চলমান সামাজিক সুরক্ষা কার্যক্রমকে জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।