ঈদুল আজহার তারিখ ঘোষণা দুই দেশের

তিউনিসিয়া ও তুরস্কে ২৭ মে উদযাপন; চাঁদের বদলে বৈজ্ঞানিক গণনায় নির্ধারণ তুরস্কের

টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দুই দেশ। তিউনিসিয়া এবং তুরস্ক জানিয়েছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া দেশগুলোর মধ্যে তিউনিসিয়াই প্রথম। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরবি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী এই তারিখ নির্ধারণ করেছে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আগামী সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। সে হিসেবে জিলহজের ১০ তারিখ পড়ছে ২৭ মে, যেদিন মুসলিম বিশ্বে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

অন্যদিকে তুরস্ক দীর্ঘদিন ধরেই চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ইসলামি মাস এবং ধর্মীয় দিবসের তারিখ নির্ধারণ করে আসছে। সেই পদ্ধতি অনুসরণ করেই দেশটি ঈদের তারিখ নিশ্চিত করেছে।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা ও গণনা পদ্ধতির পার্থক্যের কারণে ঈদের তারিখে ভিন্নতা দেখা যায়। ফলে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের আনুষ্ঠানিক ঘোষণা এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।