কৃষকের পাশে প্রধানমন্ত্রী

শাহরাস্তির সমাবেশে কৃষকের কথা শুনলেন তারেক রহমান, দিলেন নারী শিক্ষায় নতুন ঘোষণা
টুইট প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত জনসমাবেশে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সমাবেশস্থল থেকে সাইফুল ইসলাম লিটন নামের এক কৃষককে মঞ্চে ডেকে নিজের পাশে বসান তিনি এবং সরাসরি তার সুখ-দুঃখের কথা শোনেন।
প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীর পাশে বসে নিজের কথা বলতে পারা তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সাধারণ একজন কৃষক হিসেবে এমন সুযোগ পাওয়া তার জন্য বিরল সম্মানের বিষয়।
খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সমাবেশস্থলে জড়ো হন। স্থানীয়দের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা।
সমাবেশে প্রধানমন্ত্রী দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তবে সরকার এখানেই থেমে থাকতে চায় না। খাদ্য উদ্বৃত্ত ও কৃষি উৎপাদন আরও বাড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
এ সময় নারী শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও দেন সরকারপ্রধান। তিনি জানান, দেশের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক (পাস ও অনার্স) পর্যায় পর্যন্ত পড়াশোনার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। প্রধানমন্ত্রীর এ ঘোষণায় উপস্থিত নারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
করতালির মাধ্যমে তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, কৃষকের কল্যাণ এবং শিক্ষাবান্ধব নীতির বিষয়ে নতুন বার্তা তুলে ধরা হয়।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি রাজনৈতিক ও সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।






