ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান; কুমিল্লার পথে পথে নেতাকর্মীদের ঢল

চাঁদপুর সফরকালে দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত মহাসড়কে হাজারো নেতাকর্মীর অভ্যর্থনা

টুইট ডেস্ক: চাঁদপুরের উদ্দেশে যাত্রাকালে কুমিল্লা অঞ্চলে মহাসড়কের দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢলে ‘ভালোবাসায় সিক্ত’ হয়েছেন তারেক রহমান।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করেন। এ সময় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, দাউদকান্দি সীমানা থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে দলীয় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন-এর অনুসারী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইলিয়টগঞ্জ এলাকায় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নেতাকর্মীদের নিয়ে তাকে স্বাগত জানান। পরে চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকায়ও একইভাবে নেতাকর্মীরা মহাসড়কে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান।

একপর্যায়ে গাড়িবহর থামিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পুরো পথজুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি। এ সফরকে কেন্দ্র করে পুরো রুটজুড়ে নিরাপত্তা ও দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।