২৪ ঘণ্টা পেরোলেও মিলেনি ছোট্ট হুমায়রার খোঁজ, সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার

দুর্গাপুরে ৪ বছরের শিশুকে খুঁজতে রাতভর তল্লাশি, অপহরণের আশঙ্কায় উদ্বিগ্ন পরিবার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি ৪ বছর বয়সী শিশু হুমায়রা জান্নাতের। শিশুটিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাড়ির আশপাশ, পুকুর ও জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে শিশুটির সন্ধানদাতা বা তাকে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে তার পরিবার।
নিখোঁজ হুমায়রা জান্নাত দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেনের মেয়ে। গত শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। ওই সময় তার সঙ্গে সমবয়সী আরও কয়েকজন শিশু খেলছিল।
শিশুটির দাদা ইসমাইল হোসেন বলেন, প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো তার নাতনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে যে কোনোভাবে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের সময় হুমায়রার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট। তার সঙ্গে খেলতে থাকা শিশুরাও কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।
দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। শুক্রবার রাতভর বাড়ির আশপাশের পুকুর, বাগান ও জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হয়েছে। স্থানীয় লোকজন, প্রতিবেশী এবং শিশুটির খেলার সঙ্গীদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে অপহরণের বিষয়টি এখনও নিশ্চিত নয়, কারণ এখন পর্যন্ত কেউ কোনো অর্থ দাবি করেনি।
তিনি বলেন, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।






