হরমুজ প্রণালি নিয়ে মোদির বার্তা, ‘খোলা রাখাই ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার’

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট তীব্র, নিরাপদ সমুদ্রপথ নিশ্চিতে আন্তর্জাতিক আইন মানার আহ্বান

টুইট ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে উন্মুক্ত, নিরাপদ ও অবাধ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। বৈশ্বিক স্থিতিশীলতা ও সমুদ্রপথে বাণিজ্য সচল রাখতে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক শৃঙ্খল নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই পাঁচ দেশীয় সফর শুরু করেছেন মোদি। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে তিনি এসব মন্তব্য করেন।

চলমান সংকটের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। পরিস্থিতির কারণে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল ক্রেতা ভারত তার প্রয়োজনীয় তেলের বড় একটি অংশ আমদানির জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুটে জটিলতা তৈরি হওয়ায় উদ্বেগে রয়েছে নয়াদিল্লি।

আবুধাবিতে সফরকালে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সফর শুধু জ্বালানি সংকট মোকাবিলা নয়, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।