হামে আরও ১২ শিশুর মৃত্যু

দুই মাসে সন্দেহজনক আক্রান্ত ৫৫ হাজার ছাড়াল, উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য খাতে
টুইট প্রতিবেদক: দেশজুড়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আর বাকি আটজনের মধ্যে হামের উপসর্গ ছিল। নতুন এই মৃত্যুর ঘটনায় দেশে সংক্রামক রোগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ১৯২ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দুই মাসে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে সাত হাজার ৪১৬ জনের শরীরে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন শনাক্ত হয়েছেন ১১১ জন।
হাসপাতালভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন রোগী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে দুই মাসে সন্দেহজনক হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।
অন্যদিকে, নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, শিশুদের পুষ্টি নিশ্চিত এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বিশেষ করে গ্রামাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।






