রাজশাহীতে ঐতিহ্যের পুনর্জাগরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হারিয়ে যাওয়া নগর ঐতিহ্য পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার লক্ষ্যে দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ঢোপকল স্থাপন করা হয়েছে।

এ উদ্যোগ গ্রহণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। নগরীর হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপনের অংশ হিসেবেই এই স্থাপনাকে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার রাত ১১টায় ঢোপকল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়।

পরিদর্শনকালে এক পথচারী দম্পতি এগিয়ে এসে এ উদ্যোগের প্রশংসা করেন এবং নগর ঐতিহ্য সংরক্ষণে এমন পদক্ষেপকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা রাসিক প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয় ব্যবসায়ী এনামুল হক বলেন, “রাজশাহীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।”

উল্লেখ্য, এক সময় রাজশাহীর নগরজীবনের দৈনন্দিন ব্যবহারের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ঢোপকল। আধুনিক নগরায়নের ধারায় তা হারিয়ে গেলেও এবার সেটিকে স্মৃতিচিহ্ন হিসেবে পুনঃস্থাপন করা হলো—যা নগর ঐতিহ্য সংরক্ষণে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।