রেমিট্যান্সে রেকর্ড গতির আভাস

মে মাসের ১৩ দিনেই দেশে এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা।
টুইট ডেস্ক: চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসী আয় প্রবাহে বড় উল্লম্ফনের ইঙ্গিত মিলেছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এ সময়ে মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ৪১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের শুরুতেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং বিদেশে কর্মসংস্থানের বিস্তার,এই তিনটি কারণ রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের বাড়তি অর্থ পাঠানোর প্রবণতাও ইতিবাচক প্রভাব ফেলছে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় মোকাবিলা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




