দণ্ড সুদ কমাল বাংলাদেশ ব্যাংক

মেয়াদোত্তীর্ণ ঋণে স্বস্তি, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য।
টুইট প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য দণ্ড সুদের হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হলে ব্যাংক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ হারে দণ্ড সুদ আদায় করতে পারবে। এর আগে এ হার ছিল দেড় শতাংশ।
বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে পুরো ঋণস্থিতির ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধুমাত্র মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এ হার প্রযোজ্য হবে।
এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ দেড় শতাংশ হারে দণ্ড সুদ নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্তে সেই হার এক-তৃতীয়াংশে নেমে এলো।
ব্যাংক খাতসংশ্লিষ্টরা মনে করছেন, দণ্ড সুদের হার কমানো হলে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে চাপ কিছুটা কমবে এবং নতুন বিনিয়োগে উৎসাহ বাড়তে পারে।
তবে একই সঙ্গে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা আরও জোরদার করার প্রয়োজন হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।






