একনেকে ৯ প্রকল্প অনুমোদন

বৃথা ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা, বড় প্রকল্পে পদ্মা ব্যারেজ
টুইট প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়সংবলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন, সংশোধিত এবং মেয়াদ বৃদ্ধি পাওয়া উন্নয়ন প্রকল্প।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১টি প্রকল্পের।
সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো
চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (দ্বিতীয় সংশোধন)
গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধন)
জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প
হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (তৃতীয় সংশোধন)
সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প
সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সুবিধা সম্প্রসারণ
চট্টগ্রাম সিটি আউটার রিং রোড উন্নয়ন প্রকল্প
পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) প্রকল্প
ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণ
এর মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প এবং চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্পকে বড় অবকাঠামোগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনা, যোগাযোগ, জ্বালানি সরবরাহ ও সামাজিক অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় আরও জানানো হয়, পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে।
এগুলো হলো ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।





