মুসলিম পর্যটকদের জন্য জাপানের নতুন উদ্যোগ

বহনযোগ্য নামাজ কক্ষ তৈরি, বাড়ছে মুসলিমবান্ধব সুবিধা
টুইট ডেস্ক: মুসলিম পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন উদ্যোগ নিয়েছে জাপান। দেশটির ওকাইয়ামা প্রিফেকচারের সোজা শহরের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে ছোট আকারের বহনযোগ্য নামাজ কক্ষ, যা ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
‘প্রেয়ার স্পেস’ নামের এই বিশেষ নামাজ কক্ষটি তৈরি করেছে ওএম কিকি। প্রতিষ্ঠানটি মূলত কল্যাণমূলক ও সহায়ক সরঞ্জাম তৈরি করলেও এবার মুসলিম ভ্রমণকারীদের প্রয়োজন বিবেচনায় এনে ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটির এক কর্মীর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই ধারণার জন্ম। মালয়েশিয়ার এক মুসলিম বন্ধুকে নিয়ে ওকাইয়ামা অঞ্চলে ভ্রমণের সময় তিনি নামাজ আদায়ের উপযুক্ত স্থান খুঁজে পেতে সমস্যার মুখোমুখি হন। এরপরই সহজে স্থাপনযোগ্য ও ব্যবহারযোগ্য একটি প্রার্থনা কক্ষ তৈরির পরিকল্পনা করা হয়।
গত ডিসেম্বর থেকে বাজারে বিক্রি শুরু হওয়া কাঠের তৈরি এই ছোট কক্ষটির উচ্চতা ১৮০ সেন্টিমিটার এবং মেঝের আয়তন ১৫০ সেন্টিমিটার বর্গাকার। মুসলিমদের নামাজের আগে অজুর প্রয়োজনীয়তা বিবেচনায় এর মেঝেতে ব্যবহার করা হয়েছে পানি-প্রতিরোধী ও সহজে পরিষ্কার করা যায় এমন বিশেষ ম্যাট।
এ ছাড়া কক্ষটির ছাদে বসানো হয়েছে ঘূর্ণনযোগ্য কিবলা নির্দেশক, যার মাধ্যমে সহজেই মক্কার দিক নির্ধারণ করা যায়। ফলে ভ্রমণস্থল, কর্মক্ষেত্র কিংবা পর্যটনকেন্দ্রে সহজেই নামাজ আদায় করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
মুসলিম পর্যটকদের চাহিদা বুঝতে প্রতিষ্ঠানটি একটি জরিপও পরিচালনা করে। সেখানে অংশ নেওয়া ১০৭ জনের মধ্যে ৭২ শতাংশ পুরুষ এবং ৭৯ শতাংশ নারী জানিয়েছেন, ভ্রমণ গন্তব্য বেছে নেওয়ার ক্ষেত্রে নামাজের জায়গা থাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
উদ্ভাবকদের ভাষ্য, মুসলিমদের ধর্মীয় প্রয়োজনকে সম্মান জানিয়ে এমন সুবিধা তৈরি করা হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মুসলিমবান্ধব পরিবেশ গড়ে তুলতেও এটি সহায়ক হবে।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, জাপানে মুসলিম পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ফলে দেশটির হোটেল, পর্যটনকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও এখন মুসলিমবান্ধব সেবা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। ‘প্রেয়ার স্পেস’ সেই উদ্যোগের নতুন সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।






