পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার

শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার
টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।
সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই ঘটনায় পৃথক বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর যুগ্ম আহ্বায়ক মুছা ফারজীকেও বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বহিষ্কৃত নেতাদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
এর আগে হামলার ঘটনায় অভিযুক্ত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানায় যুবদল কেন্দ্রীয় কমিটি। দলটির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি নুরুল আলম লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ দাবি করেছেন।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম-এর অপসারণ দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় ভিসির সমর্থনে বহিরাগতদের একটি অংশ ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন এবং পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।






