যশোরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

শার্শায় ভোরে ভয়াবহ দুর্ঘটনা, ঘাতক ট্রাক জব্দ
টুইট ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারন–সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শার্শা উপজেলার উলাসী খালপাড়ার শাহিন হোসেন (৩৫) এবং একই এলাকার তোফাজ্জেল হোসেন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাহিন হোসেন ও তোফাজ্জেল হোসেন মোটরসাইকেলে করে কাঁচামরিচ বিক্রির উদ্দেশ্যে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।






