কাঠমান্ডুতে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন, বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীরা

অবতরণের সময় চাকা থেকে আগুন, ২৮৯ আরোহী নিরাপদে উদ্ধার
টুইট ডেস্ক: নেপালের রাজধানী Kathmandu-এর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে Turkish Airlines-এর একটি যাত্রীবাহী বিমানে অবতরণের সময় আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (১১ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অবতরণের সময় বিমানের চাকার অংশে আগুন ধরে যায়, এতে মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানটিতে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয় বলে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, Turkish Airlines-এর টিকে ৭২৬ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা করে ভোরে কাঠমান্ডুতে পৌঁছায়। অবতরণের ঠিক পর মুহূর্তেই চাকা থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পর বিমানবন্দরের দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নেপালের কাঠমান্ডু বিমানবন্দরটি ‘টেবল টপ’ ধরণের হওয়ায় এখানে অবতরণ ও উড্ডয়ন তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। অতীতেও এই বিমানবন্দরে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তবে সর্বশেষ ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় বড় বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।






