ঈদ সামনে, টিসিবির ট্রাকসেল শুরু সোমবার

 ২১ মে পর্যন্ত চলবে সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি

টুইট প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে আবারও শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)⁠

রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে সাধারণ মানুষের জন্যও বিশেষ ট্রাকসেল কার্যক্রম চালু করা হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রতিদিন ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক পরিচালিত হবে। আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এ কার্যক্রম চলবে।

প্রতিটি ট্রাকে দৈনিক প্রায় ৪০০ জন ক্রেতার কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। টিসিবির হিসাবে, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন এবং প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি হবে।

ক্রেতারা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকায়, এক কেজি চিনি ৮০ টাকায় এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।

এছাড়া মে মাসজুড়ে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকিমূল্যে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।