এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দ্বিতীয় ধাপের প্রস্তুতির । উপজেলা ও পৌর নির্বাচনে একক প্রস্তুতি, আরও তালিকা আসছে শিগগিরই।

টুইট প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক পটভূমি ও অরাজনৈতিক ক্ষেত্র থেকে আসা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা পূর্বে বিভিন্ন দলে সক্রিয় ছিলেন, আবার অনেকেই আগে কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না।

আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা নেতাকর্মীদের মনোনয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন—এমন ব্যক্তিদেরও বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে, কয়েক বছর আগে রাজনৈতিক মতাদর্শগত কারণে অবস্থান পরিবর্তনকারীদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সারজিস আলম স্পষ্ট করে বলেন, আপাতত এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি যুক্তি দেন, প্রতিটি উপজেলায় জোটগতভাবে একক প্রার্থী নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া। তবে ভবিষ্যতে প্রয়োজনে জোটগত সমন্বয়ের বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে।

সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়রেখা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্দিষ্ট সময়সূচি জানা থাকলে প্রার্থীরা কার্যকর প্রস্তুতি নিতে পারবেন এবং নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।

এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা ও পৌরসভার জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে এনসিপি মাঠপর্যায়ে নিজেদের সাংগঠনিক সক্ষমতার একটি বার্তা দিতে চেয়েছে।