সাংবাদিক মতিউর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মতিউর রহমানের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে আজ (১০ মে) রবিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর সঞ্চালনায়, রাজশাহী বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর হামলা অত্যান্ত ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সুরক্ষা আইন অতি দ্রুত কার্যকর করার দাবিও জানান বক্তারা।
সাংবাদিক মতিউর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই জড়িত একজন আসামিকে গ্রেফতার করাই সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ। এছাড়া বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।





