খেজুর কেন সেরা ফলের কাতারে

ধর্মীয় মর্যাদা, পুষ্টিগুণ ও বিশ্ববাজারে অনন্য অবস্থান।

টুইট প্রতিবেদক: বিশ্বজুড়ে জনপ্রিয় ফলগুলোর মধ্যে খেজুরের অবস্থান বিশেষ উচ্চতায়। ধর্মীয় গুরুত্ব, পুষ্টিমান, ঐতিহ্য ও অর্থনৈতিক মূল্য’সব মিলিয়ে খেজুরকে বলা হয় অন্যতম শ্রেষ্ঠ ফল।

ইসলামি ঐতিহ্যে খেজুরকে বরকতময় ফল হিসেবে বিবেচনা করা হয়, আর আধুনিক পুষ্টিবিজ্ঞানও এর অসাধারণ খাদ্যগুণের স্বীকৃতি দিয়েছে।

পবিত্র কোরআন ও হাদিসে খেজুরের গুরুত্ব বহুবার উঠে এসেছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) খেজুরকে অত্যন্ত পছন্দ করতেন। ইসলামের ইতিহাসে মসজিদ নির্মাণ, আজান ও সামাজিক জীবনের সঙ্গে খেজুরের গভীর সম্পর্কের বর্ণনা পাওয়া যায়। মুসলিম সমাজে খেজুর শুধু খাদ্য নয়, বরং সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ।

বিশেষজ্ঞদের মতে, খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি, আঁশ, ভিটামিন, খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। রোজা ভাঙার সময় দ্রুত শক্তি জোগাতে খেজুরের জুড়ি নেই।

শুকনো কিংবা তাজা,দুই অবস্থাতেই এটি মানবদেহের জন্য উপকারী। হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও খেজুর কার্যকর ভূমিকা রাখে।

বিশ্বে বিভিন্ন জাতের খেজুর পাওয়া গেলেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে কয়েকটি বিশেষ জাত। এর মধ্যে আজওয়া খেজুর মুসলিম বিশ্বে সবচেয়ে সমাদৃত। এছাড়া মেডজুল, মাবরুম, দেগলেত নূর ও পিয়ারোম খেজুরও আন্তর্জাতিক বাজারে ব্যাপক পরিচিত। প্রতিটি জাতের স্বাদ, রং ও বৈশিষ্ট্যে রয়েছে আলাদা স্বাতন্ত্র্য।

খেজুরকে ঘিরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বহু দেশে গড়ে উঠেছে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। বাহরাইনে বিয়ের অনুষ্ঠানে খেজুরের শাখা দিয়ে সাজানো হয় প্রবেশদ্বার। ওমানে সন্তান জন্মের সঙ্গে খেজুরগাছ রোপণের রীতি এখনো প্রচলিত। লিবিয়া ও শাদের কিছু অঞ্চলে খেজুরকে কেন্দ্র করে উৎসবও অনুষ্ঠিত হয়।

বিশ্ববাজারেও খেজুরের চাহিদা ক্রমেই বাড়ছে। প্রতিবছর প্রায় ৯০ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়।

উৎপাদনে শীর্ষে রয়েছে মিসর, সৌদি আরব, ইরান, আলজেরিয়া ও ইরাক। রপ্তানিতেও এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো। অন্যদিকে আমদানিতে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। বাংলাদেশেও প্রতিবছর বিপুল পরিমাণ খেজুর আমদানি করা হয়, বিশেষ করে রমজানকে কেন্দ্র করে এর চাহিদা বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় মর্যাদা, পুষ্টিগুণ, ঐতিহাসিক গুরুত্ব ও বৈশ্বিক বাণিজ্য,এই চার বৈশিষ্ট্যের সমন্বয়েই ফলের জগতে খেজুরের অবস্থান এত উঁচুতে পৌঁছেছে।