সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

চলতি মৌসুমে ১২৯টি ফ্লাইটে গমন, মৃত্যু ১২ জনে

টুইট ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে গেছেন।

রোববার (১০ মে) সকালে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, শনিবার রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে এসব হজযাত্রী পরিবহন করা হয়েছে। তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন।

এদিকে চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ১৮ এপ্রিল জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে।