স্বাধীনতার রক্ষক হোন, শোষকের অস্ত্র নয়: পুলিশকে প্রধানমন্ত্রী

পুলিশকে নতুন শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
টুইট ডেস্ক: পুলিশ বাহিনীকে দলীয় বা ব্যক্তিস্বার্থে ব্যবহারের অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের আস্থার প্রতীক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুলিশকে হতে হবে স্বাধীনতার রক্ষক, কোনো শোষক বা স্বৈরাচারের হাতিয়ার নয়।
রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া চারদিনব্যাপী পুলিশ সপ্তাহের বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন সাহসী পুলিশ সদস্যরা। তাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
তিনি বলেন, “যে স্বাধীনতার জন্য পুলিশ সদস্যরা জীবন দিয়েছেন, সেই স্বাধীনতা রক্ষা করাই আজকের পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব। কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন আর কখনও পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
জনগণের সঙ্গে পুলিশের আচরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রত্যাশা করে। তাই পুলিশকে শুধু আইন প্রয়োগকারী বাহিনী নয়, মানবিক ও জনবান্ধব সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যে আন্তর্জাতিক সুনাম রয়েছে, সেই পেশাদারিত্ব দেশের ভেতরেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। জনগণের সঙ্গে আচরণে মানবিকতা, দায়িত্ববোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন ইউনিটের প্যারেড কমান্ডারদের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী ১৩ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলবে এবারের পুলিশ সপ্তাহ।






