তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

ছয় দশকের রাজনৈতিক সমীকরণ ভেঙে ক্ষমতায় টিভিকে

টুইট ডেস্ক: ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক যোসেফ ‘থালাপতি’ বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

একই অনুষ্ঠানে তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের আরও নয়জন মন্ত্রীও শপথ নেন। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

মাত্র দুই বছর আগে গঠিত টিভিকে এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই রাজ্যের রাজনীতিতে বড় ধরনের চমক সৃষ্টি করে। ২৩৪ সদস্যের বিধানসভায় দলটি ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়। এর মাধ্যমে প্রায় ছয় দশক ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা লাগে।

তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে ১০টি আসন কম পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। ফল ঘোষণার পর কংগ্রেসসহ কয়েকটি আঞ্চলিক ও বামপন্থি দলের সমর্থন নিয়ে গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানান বিজয়।

পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) সমর্থন পেয়ে টিভিকের পক্ষে সমর্থনকারী বিধায়কের সংখ্যা দাঁড়ায় ১২১-এ। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি।

টানা কয়েকদিনের রাজনৈতিক আলোচনা, গভর্নরের সঙ্গে একাধিক বৈঠক এবং জোট সমীকরণের জটিলতা কাটিয়ে অবশেষে সরকার গঠনের পথ পরিষ্কার হয়।

শপথ নেওয়া নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন এন. আনন্দ, আধব অর্জুন, ডা. কে.জি. অরুণরাজ, কে.এ. সেঙ্গোট্টাইয়ান, পি. ভেঙ্কটারমানন, আর. নির্মলকুমার, রাজমোহন, ডা. টি.কে. প্রভু ও সেলভি এস. কীর্তনা।

বিশ্লেষকদের মতে, চলচ্চিত্র জগতের বিপুল জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করে থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন। তরুণ ভোটারদের বড় অংশের সমর্থন এবং বিকল্প নেতৃত্বের প্রত্যাশাই তার উত্থানের প্রধান ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।