পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারবাগে বর্ণাঢ্য প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমান
টুইট ডেস্ক: আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১০ মে) সকাল ৯টার পর তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পরে প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বর্ণিল বার্ষিক প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এসময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুসজ্জিত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা উপস্থিত অতিথিদের দৃষ্টি কাড়ে।
এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা জোরদার এবং আধুনিক পুলিশি ব্যবস্থার উন্নয়নকে সামনে রেখে এবারের পুলিশ সপ্তাহের কর্মসূচি সাজানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অতিরিক্ত আইজিপি, বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং রাজধানীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজ শুরু হওয়া পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত।






