লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি, নিহত ৪

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা; আহত অন্তত ১৫

টুইট ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (০৯ মে ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মারসা পরিবহণের একটি বাস চট্টগ্রামমুখী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একই পরিবহণের আরেকটি কক্সবাজারগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দুই বাসের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। ঘটনাস্থল থেকেই এক নারী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

যানজট, উদ্ধার অভিযান ও প্রশাসনের পদক্ষেপ

দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দীন চৌধুরী বলেন, “হতাহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে বলে জানা গেছে।