ওয়াকিমুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্রের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন তারেক রহমান।
টুইট ডেস্ক: বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তার প্রশংসা ও উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী সাক্ষাতে তরুণ এই উদ্ভাবকের সঙ্গে সময় কাটান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রিত হয়ে নিজের তৈরি বিশেষ বাহনটি প্রদর্শন করেন ওয়াকিমুল ইসলাম। পরে সেই বাহনে চড়েই ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়িটি চালান ওয়াকিমুল নিজেই। পুরো ঘটনাটি ঘিরে সেখানে তৈরি হয় উৎসাহ ও আবেগঘন পরিবেশ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, উদ্ভাবিত গাড়িটির বিভিন্ন দিক মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। তিনি গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা, নির্মাণ ব্যয়, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কাজ করতে গিয়ে কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে—সেসব বিষয়ে ওয়াকিমুলের সঙ্গে বিস্তারিত কথা বলেন।
জবাবে ওয়াকিমুল জানান, তার তৈরি ‘স্মার্ট কার’-এর কাজ এখনো চলমান এবং প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। সীমিত সামর্থ্য ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এ সময় ওয়াকিমুল ইসলামের বাবাও উপস্থিত ছিলেন। ছেলের উদ্ভাবনী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর এমন আগ্রহ ও উৎসাহকে পরিবারের জন্য বড় প্রেরণা হিসেবে দেখছেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ উদ্ভাবকদের প্রতি সরকারের এমন উৎসাহ নতুন প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনে আরও আগ্রহী করে তুলবে।






