মানবতার সেবায় রেড ক্রিসেন্টের অঙ্গীকার পুনর্ব্যক্ত

রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন, স্বেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা
নিজস্ব প্রতিবেদক: মানবতার সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার নিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬। রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০৭ মে) সকালে নগর ভবনের সিটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ, মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন। মানুষের দুঃসময়ে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার এই মানসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
অনুষ্ঠানে মানবকল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাসিক প্রশাসক বলেন, মানবতার সেবাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। এ দায়িত্ব পালনে রেড ক্রিসেন্টের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






