চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার

সাত দিনের আগে ঢাকায় আনা যাবে না কোরবানির পশুর চামড়া

টুইট ডেস্ক: কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এবার গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। চামড়া নষ্ট হওয়া রোধ এবং পরিবেশগত চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কোরবানির পর সংগ্রহ করা চামড়া অন্তত সাত দিন নিজ নিজ এলাকায় লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ঢাকায় একসঙ্গে বিপুল পরিমাণ চামড়া চলে আসায় পরিবেশ ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়, বিশেষ করে ইটিপি (বর্জ্য শোধনাগার) ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ করা গেলে সেই চাপ অনেকটাই কমবে এবং চামড়া নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসবে।

তিনি আরও জানান, চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ সরকার বিনামূল্যে সরবরাহ করবে, যাতে মৌসুমি ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজেই চামড়া সংরক্ষণ করতে পারেন।

বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে।