আজ থেকে পুরোদমে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

সৌদি আরব থেকে এলো প্রায় ২ লাখ টন ক্রুড অয়েল, বাড়ছে জ্বালানি সরবরাহের স্বস্তি।
টুইট ডেস্ক: অপরিশোধিত জ্বালানির নতুন চালান দেশে পৌঁছায় আবারও পূর্ণমাত্রায় উৎপাদনে ফিরছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকেই পরিশোধন কার্যক্রম পুনরায় চালু হবে।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের একটি বড় চালান দেশে এসেছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার পর থেকে পরিশোধন শুরু হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন সীমিত রাখা হলেও পরে ধীরে ধীরে সক্ষমতা বাড়ানো হবে।
কর্মকর্তারা জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি বর্তমানে কুতুবদিয়া উপকূলে নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
রিফাইনারি সূত্র জানিয়েছে, বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে অন্তত ২০ থেকে ২৫ দিন উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি নতুন চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ে নতুন চালান এলে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি হবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তি চাপের মধ্যে থাকলেও নতুন চালান আসায় দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






