গাড়ির ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে শুভেন্দু অধিকারীর পিএকে গুলি

ভুয়া নম্বর প্লেটের গাড়িতে এসে কাছ থেকে গুলি, পশ্চিমবঙ্গে তীব্র রাজনৈতিক উত্তেজনা।

টুইট ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, হামলায় ব্যবহৃত গাড়িতে ভুয়া নম্বর প্লেট লাগানো ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাড়িতে ফেরার সময় চন্দ্রনাথ রথের গাড়ির পথরোধ করে দুর্বৃত্তরা। পরে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়।

এ ঘটনায় চন্দ্রনাথ রথ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, তার বুকে ও পেটে দুটি গুলি লাগে। এর মধ্যে একটি গুলি হৃদপিণ্ড ভেদ করে যায়। হামলায় তার গাড়িচালক বুদ্ধদেব বেরাও আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে গাড়িটির নম্বর প্লেট ছিল জাল। তদন্তে জানা গেছে, ব্যবহৃত নম্বরটি মূলত শিলিগুড়ির অন্য একটি গাড়ির। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা ও তাজা কার্তুজও উদ্ধার করেছে পুলিশ।

এই হত্যাকাণ্ডকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতারা ঘটনাটিকে ‘টার্গেট কিলিং’ হিসেবে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। নবনির্বাচিত বিজেপি বিধায়ক অর্জুন সিং ও দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অভিযোগ, বিরোধী রাজনীতিকে ভয় দেখাতেই এ হামলা চালানো হয়েছে।

যদিও তৃণমূল কংগ্রেস এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দলটির দাবি, ঘটনার তদন্ত না শেষ হতেই রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা নাকি বড় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত—সেটি খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশের একাধিক দল ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ, গাড়ির গতিপথ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ শুরু করেছে।