সংসদে শপথ নিতে প্রবেশ করলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

বিলম্বিত মনোনয়ন নিয়ে আদালতের নির্দেশের পর সংরক্ষিত নারী আসনে সদস্য হিসেবে শপথ।
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
বুধবার (৬ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, দুপুর ১২টায় তিনি শপথ গ্রহণ করবেন। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
নুসরাত তাবাসসুম জামায়াত জোটের প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিল করেছিলেন। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রথমে তা গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)।
পরে বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এর ফলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণের পথ সুগম হয়।






