কুরবানির পশুর হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি

গাবতলি হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী থাকবে সতর্ক অবস্থানে।
টুইট ডেস্ক: আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গত বুধবার সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, হাটকেন্দ্রিক চাঁদাবাজি, অনিয়ম ও ভোগান্তি রোধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, কুরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি রোধে বিশেষ নজরদারি থাকবে। কোনো অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগেভাগেই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে।
হাটগুলোর নিরাপত্তায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও মাঠে থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন, নকল টাকা প্রতিরোধসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ক্রেতা-বিক্রেতা উভয়ই নির্বিঘ্নে লেনদেন করতে পারেন।
সরকারের এই উদ্যোগ কুরবানির হাট ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলাপূর্ণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।






