শাড়ি পরা ট্রাম্প-মমতাকে কটাক্ষ দিলীপের

পদত্যাগে অনীহা ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ।
টুইট ডেস্ক: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগে অনীহা দেখানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করে ‘শাড়ি পরা ট্রাম্প’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ বলেন, নির্বাচনে জিতলেই তা নৈতিক—এমন মনোভাব পোষণ করছেন মমতা। তার ভাষায়, “জনতার রায় মেনে নিতে না পারলে রাজনীতিতে থাকার নৈতিক অধিকার থাকে না।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে নির্বাচনে হারের পরও ফলাফল মানতে চাননি, মমতার আচরণও তেমন। “ট্রাম্প যেমন পরাজয়ের পরেও পরিস্থিতি অস্থির করার চেষ্টা করেছিলেন, মমতাও তেমন পরিস্থিতি তৈরি করতে পারেন,”—মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, পদত্যাগ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তো হারিনি যে রাজভবনে গিয়ে পদত্যাগ করব। যদি হারতাম, তাহলে সেটি বিবেচনা করতাম। এখন সেই প্রশ্নই ওঠে না।”
ভারতের প্রচলিত সাংবিধানিক প্রথা অনুযায়ী, নির্বাচনের পর বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। পরে সংখ্যাগরিষ্ঠতা পেলে পুনরায় শপথ নেন, অন্যথায় নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বিশ্লেষকদের মতে, এই বাক্যযুদ্ধ শুধু ব্যক্তিগত আক্রমণে সীমাবদ্ধ নয়; বরং নির্বাচনের ফলাফল ও বৈধতা নিয়ে বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন। এতে রাজ্যের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






