মরণোত্তর সম্মাননা পাচ্ছেন লিমন-বৃষ্টি

নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ডক্টরেট দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়।

টুইট ডেস্ক: নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারানো দুই বাংলাদেশি গবেষক জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ মে আনুষ্ঠানিকভাবে মিয়ামি বাংলাদেশ কনস্যুলেট-কে চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন।

এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন তার মরদেহ দেশে পাঠানো হবে এবং ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অপরদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

গত ১৬ এপ্রিল হঠাৎ করেই নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে কালো ব্যাগের ভেতরে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিযোগ্য ‘প্রথম ডিগ্রি হত্যা’ অভিযোগ আনা হয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডে পুরো প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মরণোত্তর ডক্টরেট প্রদানের সিদ্ধান্তকে অনেকেই একদিকে সম্মাননা হিসেবে দেখলেও, অন্যদিকে এটি অপূরণীয় ক্ষতির বেদনাকেই আরও গভীরভাবে স্মরণ করিয়ে দিচ্ছে।