বস্তিবাসীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতের আহ্বান

কড়াইল–ভাসানটেক–সাততলায় চিকিৎসা বৈষম্য কমানোর তাগিদ ডা. জুবাইদা রহমান-এর।

টুইট ডেস্ক: রাজধানীর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার বাসিন্দারা যেন কোনোভাবেই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হন—সেটি নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য বাস্তবতার কঠোর চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলো বর্তমানে অতিরিক্ত চাপের মুখে রয়েছে। স্বাস্থ্যকর্মীদের স্বল্পতা ও অসম বণ্টনের কারণে মানসম্মত চিকিৎসা পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার মতে, স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ জনগণকেই বহন করতে হয়, যা দরিদ্র হওয়ার অন্যতম কারণ হয়ে উঠছে।

বিশেষ করে কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার শ্রমজীবী মানুষের অবদান উল্লেখ করে তিনি বলেন, এ জনগোষ্ঠী শহরের অর্থনীতিকে সচল রাখলেও স্বাস্থ্যসেবায় তারা সবচেয়ে বেশি অবহেলিত। বাস্তবতায় দেখা যাচ্ছে, এসব এলাকার প্রায় ৪২ শতাংশ মানুষ চিকিৎসার জন্য সরাসরি ফার্মেসির ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, অসুস্থতা এড়িয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রবণতা থেকে অনেকেই যথাযথ চিকিৎসা নিতে পারেন না। ফলে দীর্ঘমেয়াদে তা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রূপ নিচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাষ্ট্রীয় নীতিমালায় এ বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।