এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন

ডিসিদের সঙ্গে বৈঠক শেষে পরিকল্পনার কথা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
টুইট ডেস্ক: আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পূর্বঘোষিত অবস্থান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে নানা মতামত ও পরামর্শ দিয়েছেন, যা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। তার ভাষায়, স্থানীয় সরকার কাঠামোই গণতন্ত্রের মূল ভিত্তি এবং তৃণমূল পর্যায়ে রাষ্ট্রীয় সেবার সবচেয়ে কার্যকর মাধ্যম। এই কাঠামোকে শক্তিশালী করা গেলে গণতন্ত্রও আরও সুসংহত হবে।
তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, জনগণকে সম্পৃক্ত করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক নেতৃত্বের ক্ষেত্রে ডিসিদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি।
বিগত সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এসব অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় নির্দেশনার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—তাদের অংশগ্রহণ নিশ্চিত করেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।






