চীনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

হুনানে আতশবাজি শিল্পে আবারও নিরাপত্তা প্রশ্নে চাপ

টুইট ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

হুনান প্রদেশের লিউইয়াং শহরে অবস্থিত ‘হুয়াশেং আতশবাজি উৎপাদন ও প্রদর্শনী কোম্পানি’র একটি ওয়ার্কশপে সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অধিকাংশ শ্রমিকের মৃত্যু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিস্ফোরণের পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পাশাপাশি সম্ভাব্য আরও ঝুঁকি এড়াতে কারখানার আশপাশের তিন কিলোমিটার এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কারণ, কারখানার নিকটেই বিপুল পরিমাণ কালো বারুদ সংরক্ষিত দুটি গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার কথা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের আতশবাজি উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা চীনে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। ২০২৫ সালে বৈশ্বিক আতশবাজি বাজারে প্রায় ১১৪ কোটি মার্কিন ডলারের পণ্য সরবরাহ করেছে দেশটি। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, বিশ্বে বিক্রি হওয়া মোট আতশবাজির প্রায় দুই-তৃতীয়াংশই আসে চীন থেকে।

এ ঘটনার পর আবারও দেশটির আতশবাজি শিল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কঠোর তদারকির দাবি জোরালো হচ্ছে।