ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

হরমুজে হামলা হলে কঠোর জবাবের ইঙ্গিত, বাড়ছে সামরিক উত্তেজনা।
টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়িয়ে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে হামলা চালানো হলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–এর এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে আগের চেয়ে অনেক বেশি উন্নত অস্ত্র ও সামরিক সক্ষমতা রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা হবে।
তিনি বলেন, “আমাদের কাছে সেরা সরঞ্জাম রয়েছে, সারা বিশ্বে আমাদের সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে। প্রয়োজন হলে আমরা সবকিছুই ব্যবহার করতে পারি।”
একই সঙ্গে তিনি দাবি করেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান শান্তি আলোচনায় তুলনামূলকভাবে ‘নমনীয়’ অবস্থান নিয়েছে। তবে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা দীর্ঘদিনের। নতুন করে এমন কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।
সূত্র: আল জাজিরা






