হাম সংক্রমণে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১,৪৫৬ জন; মোট মৃত্যু ৩১১-এ পৌঁছেছে।
টুইট ডেস্ক: সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিহতদের মধ্যে দুই জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আর বাকি ১৫ জনকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।অধিদপ্তরের তথ্যমতে, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১১ জনে।
এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৫২ জন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৯ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বাড়ানো জরুরি, নইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।






