হাওর কৃষকদের সহায়তা শুরু

অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ন্যূনতম সাড়ে ৭ হাজার টাকা দেবে সরকার।

টুইট ডেস্ক; অতিরিক্ত বৃষ্টিতে হাওরাঞ্চলে ফসলহানির মুখে পড়া কৃষকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকরা ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছেন এবং ক্ষতির মাত্রা অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভাজন করা হবে।

মন্ত্রী জানান, মে থেকে জুলাই,এই তিন মাসজুড়ে সহায়তা কার্যক্রম চলবে। ক্ষতির পরিমাণ বিবেচনায় সহায়তার পরিমাণ বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হবে বলে উল্লেখ করেন।

তিনি স্বীকার করেন, কৃষকদের প্রকৃত ক্ষতির তুলনায় এই সহায়তা হয়তো যথেষ্ট নয়, তবে তাৎক্ষণিক সংকট লাঘবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মানসিক চাপ কমাতেও এই সহায়তা সহায়ক হবে,” যোগ করেন তিনি।

এদিকে কোরবানির পশু নিয়ে কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি জানান, সীমান্ত হাট বন্ধ রাখা এবং বিদেশ থেকে গরু প্রবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশীয় বাজার স্থিতিশীল রাখা হচ্ছে।

আলুর বাজারদর কমে যাওয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আলুর বহুমুখী ব্যবহার বাড়ানো এবং রপ্তানিযোগ্য জাতের উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস তৈরির উপযোগী আলুর চাষ শুরু হয়েছে, যা ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।