যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

ফ্লোরিডার হত্যাকাণ্ডে নিহত পিএইচডি শিক্ষার্থীর শেষযাত্রা শুরু ঢাকায়।

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়।

এর আগে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

গত ১৬ এপ্রিল লিমন নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরেক বাংলাদেশি। পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে এবং একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, নিখোঁজ বৃষ্টি’র খণ্ডিত মরদেহ গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় উদ্ধার করা হয়। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।

এই মর্মান্তিক ঘটনায় দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।