নিরাপত্তা ভেঙে জনতার কাতারে প্রধানমন্ত্রী

ওসমানী মিলনায়তন থেকে হেঁটে সচিবালয়ে; সরাসরি শুভেচ্ছা বিনিময়ে ভিন্ন চিত্র
টুইট ডেস্ক: রাজধানীর প্রোটোকল-নির্ভর কড়াকড়ি নিরাপত্তার প্রচলিত ধারা ভেঙে ভিন্ন এক দৃশ্যের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন শেষে গাড়িবহরের পরিবর্তে হেঁটে সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা।
রোববার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ের দিকে পায়ে হেঁটে রওনা দেন। এ সময় কঠোর নিরাপত্তা বলয় ভেঙে তিনি সাধারণ মানুষের কাছাকাছি চলে আসেন।
সরেজমিনে দেখা যায়, মিলনায়তনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা তুলনামূলক শিথিল ছিল। ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে থাকা মানুষ খুব কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ পান।
দুপুর ২টা ৬ মিনিটের দিকে তিনি মিলনায়তন প্রাঙ্গণ ত্যাগ করে জনতার কাতারে নেমে আসেন। রাস্তায় উপস্থিত অনেকেই তাকে সালাম জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে ও সালামের জবাব দিয়ে শুভেচ্ছা গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকলেও তা জনসাধারণের চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি করেনি। ফলে সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি সংযোগের একটি ব্যতিক্রমী পরিবেশ তৈরি হয়।
এর আগে, প্রধানমন্ত্রী চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধন করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম ডিসি সম্মেলন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে মাঠ প্রশাসনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ৪৯৮টি প্রস্তাব আলোচনা করা হচ্ছে। এসব প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






